ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছে, ২০৩০ সালে একই বছরে দুটি রমজান এবং তিনটি ঈদ অনুষ্ঠিত হবে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সঠিক নয়। ২০৩০ সালে দুটি রমজান মাস শুরু হলেও ঈদ তিনটি নয়, বরং সে বছর দুটি ঈদ অনুষ্ঠিত হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে দেওয়া আরব ফেডারেশন অফ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ানের সাক্ষাৎকার থেকে জানা যায়, হিজরি ক্যালেন্ডার চন্দ্র নির্ভর হওয়ায় সৌর বছরের থেকে ১১ দিন কম হয়। এর ফলে প্রতি বছর রমজান ১০ বা ১১ দিন পিছিয়ে যায়।
২০৩০ সাল দুটি রমজান মাসের সাক্ষী হবে। প্রথম রমজান শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি এবং দ্বিতীয় রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর। এর ফলে প্রথম রমজান পূর্ণাঙ্গ হলেও ডিসেম্বরের শেষে শুরু হওয়া দ্বিতীয় রমজানের মাত্র ছয় দিন সে বছর পাওয়া যাবে এবং বাকি অংশ শেষ হবে পরের বছর।
গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম রমজান ৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় রমজান ২৬ ডিসেম্বর শুরু হয়ে পরের বছর ২৪ জানুয়ারি শেষ হবে। ফলে দ্বিতীয় রমজানের ঈদুল ফিতর এবং পরবর্তী কোরবানি ঈদ পরবর্তী বছর অর্থাৎ ২০৩১ সালে অনুষ্ঠিত হবে।
হিজরি ক্যালেন্ডার ৩৫৪ দিনে এবং সৌর ক্যালেন্ডার ৩৬৫ বা ৩৬৬ দিনে পূর্ণ হয়। এই ব্যবধানের কারণে প্রতি তিন বছরে চন্দ্রমাস সৌরমাস থেকে এক মাস করে এগিয়ে যায়। হিজরি সন পুরো গ্রেগরিয়ান বছরের মধ্য দিয়ে চক্রাকারে ঘুরতে ৩৩ বছর সময় লাগে। এর আগে ১৯৯৭ সালে এমন ঘটনা ঘটেছিল।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, মূলত ২০৩৩ সালে দুটি পূর্ণ রমজান মাস আসায় সে বছর তিনটি ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএইচ







































