• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোস্তাফিজের জাদুতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৪১ পিএম
মোস্তাফিজের জাদুতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৫৫ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন দাসের ৭৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ গড়ে মেহেদী হাসান মিরাজের দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ ওভারে হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

নিক কেলি একপ্রান্তে প্রতিরোধ গড়লেও অন্যপ্রান্তে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। উইল ইয়াং, টম ল্যাথাম ও অন্যান্য ব্যাটাররা দ্রুত ফিরে যান। মাঝের ওভারে আবারও আঘাত হানেন মুস্তাফিজ ও মিরাজ।

শেষ দিকে ডিন ফক্সক্রফট কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি। তার ৭৫ রানের ইনিংসেও শেষ রক্ষা হয়নি নিউজিল্যান্ডের। ৪৪.৫ ওভারে ২১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৫ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন মিরাজ ও নাহিদ রানা, একটি উইকেট পান শরিফুল ইসলাম। এই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

এসএইচ 
 

Link copied!