ফাইল ছবি
বিশ্বকাপের শেষ ষোলোতে রোববার মুখোমুখি হবে ব্রাজিল আর নরওয়ে। এই ম্যাচের আগে অপ্টার সুপার কম্পিউটার পঁচিশ হাজার সিমুলেশন চালিয়েছে। এরপর জানিয়েছে এই ম্যাচে জেতার সম্ভাবনা কাদের বেশি।
অপ্টার সিমুলেশন জানাচ্ছে নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের ৬৫ দশমিক ৬ শতাংশ। আর নরওয়ের সেই সম্ভাবনা মাত্র ৩৪ দশমিক ৫ শতাংশ। জিতলে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।
শেষ ষোলোর রেকর্ডও ব্রাজিলের পক্ষে কথা বলছে। বিশ্বকাপে নিজেদের শেষ দশটি শেষ ষোলোর ম্যাচের মধ্যে নয়টিতেই পরের রাউন্ডে গেছে তারা। শুধু ১৯৯০ সালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়েছিল।
অন্যদিকে নরওয়ে আগের রাউন্ডে আইভরি কোস্টের বিপক্ষে জিতেছিল একদম শেষ মুহূর্তে। ৮৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড, ম্যাচ শেষ হয় ২-১ গোলে। বিশ্বকাপের নকআউট পর্বে এটাই ছিল নরওয়ের প্রথম জয়। এর আগে বড় কোনো টুর্নামেন্টে তারা মাত্র দুটি নকআউট ম্যাচ খেলেছিল, দুটোতেই হেরেছিল ইতালির কাছে, ১৯৩৮ আর ১৯৯৮ সালে।
আগের রাউন্ডে জাপানের বিপক্ষে কষ্টে জিতেছিল ব্রাজিল। শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২-১ গোলে জেতে ব্রাজিল। এর আগে জাপানের হয়ে গোল করেছিলেন কাইশু সানো, সেটা শোধ করেন কাসেমিরো।
মার্তিনেল্লির গোলে বল বাড়িয়েছিলেন ব্রুনো গিমারায়েস। এই বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা এখন চার। ১৯৬৬ সালের পর এক আসরে ব্রাজিলের হয়ে এত অ্যাসিস্ট দিয়েছেন শুধু পেলে, ১৯৭০ সালে তার অ্যাসিস্ট ছিল ছয়টি।
এসএইচ







































