ফাইল ছবি
পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে জমা রাখতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিংমলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বাকি অর্থ নিয়ম অনুযায়ী টাকায় নগদায়ন করতে হবে।
রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, আন্তর্জাতিক কার্ড বা অনুমোদিত পেমেন্ট ব্যবস্থায় বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এফসি হিসাবে রাখা যাবে। অবশিষ্ট অর্থ প্রচলিত নিয়মে টাকায় রূপান্তর করতে হবে। এফসি হিসাবে জমা রাখা অর্থ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈধ বৈদেশিক মুদ্রার লেনদেন এবং প্রযোজ্য ভ্যাট ও কর পরিশোধে ব্যবহার করা যাবে।
এছাড়া, আন্তর্জাতিক কার্ড গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) এবং গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা গ্রহণ এবং তা দিয়ে বৈধ আন্তর্জাতিক লেনদেন পরিচালনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এসএইচ







































