• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাঈদী মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে


পিরোজপুর প্রতিনিধি  অক্টোবর ২৫, ২০২৬, ১২:২৯ পিএম
সাঈদী মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে

ছবি: সংগৃহীত

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ৮৭ বছর বয়সী মানিক পশারীর মরদেহ ১৭ ঘণ্টা পর পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় দাফন করা হয়েছে। পিরোজপুরে মরদেহ পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দা ও জামায়াত নেতাকর্মীদের চরম অসন্তোষের মুখে স্বজনরা অবর্ণনীয় পরিস্থিতিতে পড়েন। স্বজনদের উপস্থিতি না থাকায় এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে শেষ পর্যন্ত মৃতের স্ত্রী, মেয়ে ও বোনসহ পরিবারের নারী সদস্যরা নিজেদের হাতে কবর খুঁড়ে গভীর রাতে লাশ দাফন করেন।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থানকালে মানিক পশারী মৃত্যুবরণ করেন। ওই দিন দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মরদেহ নিয়ে এলে স্বজনরা স্থানীয়দের তোপের মুখে পড়েন। অনভিপ্রেত ঘটনা এড়াতে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ লাইনসে নিয়ে যায়। সেখানে বিকেলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং নিরাপত্তার স্বার্থে মরদেহ পুলিশি পাহারায় রাখা হয়।

পরবর্তীতে রাত ১টার দিকে পুলিশ প্রশাসনের সহায়তায় মরদেহ চিতলিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে পৌঁছানো হয়। গ্রামে কোনো পুরুষ মানুষ এগিয়ে না আসায় এবং আগে খোঁড়া কবর ভরাট করে ফেলায় দিশেহারা হয়ে পড়েন স্বজনরা। শেষ পর্যন্ত পরিবারের নারী সদস্যরা একজোট হয়ে নিজেরাই দ্বিতীয়বার নতুন কবর খনন করেন। রাত ২টার দিকে পুলিশের উপস্থিতিতে অতি সামান্য কিছু মানুষের সহায়তায় স্বজনরা তাঁকে মাটি দেন।

পরিবারের সদস্যরা আক্ষেপ করে জানান, টুঙ্গিপাড়া থেকে মরদেহ আনার পর থেকেই নানা জটিলতা তৈরি হয়। গ্রামবাসী বা স্বজনদের পুরুষ মানুষ এগিয়ে না আসায় নারীদেরই কোদাল হাতে কবর খুঁড়ে শেষ বিদায় দিতে হয়েছে।

এদিকে পিরোজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশ দাফনে জামায়াত বা সহযোগী সংগঠনের কেউ বাধা সৃষ্টি করেনি। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন, পুলিশের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টনীতে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর মানিক পশারী বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর টুঙ্গিপাড়ায় তাঁর মৃত্যু হয়।

এসএইচ 

Link copied!