ছবি : সংগৃহীত
ঢাকা: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। ব্রিসবেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার এখন সোবহানা।
ব্রিজবেনে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেন সোবহানা। চরম চাপের মুখে ক্রিজে গিয়ে ১৮ চারে ইনিংসটি সাজান তরুণ এই ব্যাটার। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ ইনিংস।
২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন ফারজানা হক। তিন বছর পর সেটি ছাপিয়ে গেলেন সোবহানা।
সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটি চতুর্থ সেঞ্চুরি। এর আগে তিন অঙ্কের স্বাদ পেয়েছেন শুধু ফারজানা (২) ও নিগার সুলতানা।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক নিগারকে নিয়ে প্রতিরোধ গড়েন সোবহানা। ম্যারাথন জুটিতে তিনিই ছিলেন অগ্রণী ভূমিকায়। শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন পাঁচ নম্বরে নামা ব্যাটার।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯ চারে ৬৬ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেন সোবহানা। পরে সেটিকে তিনি রূপ দেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। পঞ্চাশ থেকে শতকে যেতে ৫৭ বল খেলেন তিনি। শেষ পর্যন্ত মেগান শুটের ফুল টসে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন ২৪ বছর বয়সী ব্যাটার।
পিএস







































