কক্সবাজার: সমুদ্র সৈকতে পর্যটকদের হয়রানি এবং অনিরাপদ খাদ্য তৈরীর ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আ. মান্নান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক এ ঘোষণা দেন। সভায় জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আ. মান্নান বলেন, ‘কক্সবাজারকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে। স্থানীয় ও পর্যটকদের হয়রানি, অনিরাপদ খাদ্য তৈরী ও পরিবেশনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এছাড়া সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও সুন্দরভাবে উদযাপন, বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন সম্পন্ন করার বিষয়েও নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি লবণ শিল্প ও চাষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যটন খাত নিয়ে আলোচনা করা হয়।
এসএইচ