নড়িয়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ব্যানার না টাঙানোকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে অভিযোগ করা হয়েছে। গত ১২ জানুয়ারি সকালে বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করেন নড়িয়া উপজেলা বিএনপির সদস্য সালাম ঢালী। এ সময় তিনি প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাসের কাছে জানতে চান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন বিদ্যালয়ে কোনো শোক ব্যানার টাঙানো হয়নি।

প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস জানান, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিন দিনের শোক পালন করেছেন এবং বিদ্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। তবে এর বাইরে কোনো ব্যানার টাঙানো হয়নি।

অভিযোগে বলা হয়, এ কথায় ক্ষিপ্ত হয়ে সালাম ঢালী প্রধান শিক্ষককে ধাক্কা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। পরে সেখানে উপস্থিত কয়েকজনের প্রতিবাদের মুখে তিনি প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চান।

ঘটনার সময় উপস্থিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য তুহিন ফরাজী বলেন, সালাম ঢালী স্থানীয় জাকির ঢালী, জসিম মৃধা, শহিদুল মুন্সীসহ আরও কয়েকজনকে নিয়ে অফিসকক্ষে আসেন। কথাবার্তার একপর্যায়ে তিনি প্রধান শিক্ষককে ধাক্কাধাক্কি করেন। আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করি।

এ বিষয়ে প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন, “১২ জানুয়ারি সালাম ঢালী কয়েকটি অভিযোগ নিয়ে আমার কাছে আসেন। এর মধ্যে শোক ব্যানার না টাঙানোর বিষয়টি ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বিষয়টি মীমাংসা হয়েছে। তিনি দুইবার আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।”

তিনি আরও জানান, শোক পালনের সময় তিনি পারিবারিক কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সালাম ঢালী বলেন, “আমি সেদিন প্রধান শিক্ষকের কক্ষে গিয়েছিলাম এবং শোক পালন ও ব্যানার না টাঙানোর বিষয়ে প্রশ্ন করেছিলাম। রাগের মাথায় কিছু কথা বলেছি। তবে তাঁর গায়ে হাত তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি সে ধরনের মানুষ নই।”

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি বলেন, “সালাম ঢালী উপজেলা বিএনপির সদস্য। প্রধান শিক্ষকের সঙ্গে তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু নয়। তবে এ ধরনের আচরণ আমরা সমর্থন করি না।”

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, “এ ধরনের কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আমার কাছে আসেনি। আমি ওই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্বে আছি। এমন ঘটনা ঘটলে প্রধান শিক্ষকের উচিত ছিল আমাকে জানানো। এখন যেহেতু বিষয়টি জানতে পেরেছি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এসএইচ