দলবদলের পরই আগুন-ভাঙচুর, উত্তপ্ত শরীয়তপুর রাজনীতি

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

বিএনপিতে যোগদানের এক সপ্তাহের মাথায় শরীয়তপুরে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়িসহ তাঁর সমর্থকদের বাড়িতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দলের অপর একটি পক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় অন্তত তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ৯টি আধাপাকা টিনের ঘর ও দোচালা টিনের ঘর পিটিয়ে ও কুপিয়ে ব্যাপক ক্ষতি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী আগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় তিনি প্রায় পাঁচ শতাধিক সমর্থকসহ বিএনপিতে যোগ দেন। ঘটনার আগের দিন তিনি স্ত্রী ও সন্তানদের কাছে দুবাই যান।

চেয়ারম্যানের অনুপস্থিতিতে শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। একই সঙ্গে তাঁর সমর্থকদের আরও ১১টি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ভাসানী খান ও তাঁর অনুসারীদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএইচ