বগুড়া-৬: বিএনপি নেতাদের নির্বাচনী কর্মকর্তা নিয়োগের অভিযোগ

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:২৯ এএম
ফাইল ছবি

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির পদ-পদবীধারী নেতাকর্মীদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বগুড়া-৬ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট মো. আল-আমিন। অভিযোগে বলা হয়, বিভিন্ন ভোটকেন্দ্রে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের মধ্যে অধিকাংশই ধানের শীষ প্রতীকের সমর্থক। এমনকি বিএনপি ও তার অঙ্গসংগঠনের পদ-পদবীধারী নেতাকর্মীও দায়িত্বে রয়েছেন।

নির্দিষ্ট কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য- নূনগোলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সেক্রেটারি। একই প্রতিষ্ঠানের সহকারী প্রিজাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। মো. শওকত হোসেন বকুল, ইউনিয়ন বিএনপির সদস্য।

জামায়াতের অভিযোগ, এ ধরনের নিয়োগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর প্রশ্ন উত্থাপন করতে পারে।

এসএইচ