বিএনপির ২০০ নেতা-কর্মী এনসিপিতে যোগদান, বরণ করলেন হান্নান মাসউদ

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির প্রায় ২০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে শাপলা কলির এক উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপিতে যোগদান করেন হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার, চানন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সাল পায়েল, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ, জাহাজমারা ইউনিয়ন তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল, ৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি নিসান উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের মোট ২০০ নেতাকর্মী।

উঠান বৈঠকে আবদুল হান্নান মাসউদ বলেন, বিগত সময়ে আপনারা দল করেও যথাযথ সম্মান পাননি। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর হাতিয়া গড়ে তুলতে চাই। কী দিতে পারবো, তা জানি না, তবে আপনাদের সম্মান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে গত কয়েক দিনে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিনই নতুন করে অনেকে যোগ দিচ্ছেন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ সাজাতে চাই।

বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপিতে সদ্য যোগদানকারী বিএনপি নেতা জয়নাল আবেদিন জনু মেম্বার।

এসএইচ