রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় ৪০ জন নেতা-কর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোট বুলনপুর এলাকায় জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন রাজপাড়া থানা বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমান, বিশালসহ আরও অনেকে।
বিএনপি ছাড়ার কারণ সম্পর্কে মোহাম্মদ সেলিম বলেন, দলের বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর তিনি বিএনপিতে নিজেকে একা মনে করছেন। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কর্মী-সমর্থকদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর ভাষ্য, জামায়াত তাদের কর্মীদের প্রতি যত্নশীল এবং দলটির রাজনৈতিক দর্শন তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল নবাগতদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও দ্বীনি আদর্শের পথে চলাই মূল বিষয়। তিনি বলেন, কেউ চাইলে ইসলামী আদর্শভিত্তিক অন্য দল গঠন করেও কাজ করতে পারেন, তবে আদর্শচর্চা থেকে সরে যাওয়া উচিত নয়।
নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় বিভক্তির প্রেক্ষাপটে তিনি ও তাঁর অনুসারীরা জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা জামায়াতের আমির নূরুল ইসলাম মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসএইচ