নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে এক বুদ্ধি প্রতিবন্ধী (২২) তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার রাতের দিকে চরজব্বার থানা পুলিশ চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারুক বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ভুক্তভোগীর মা বলেন, অভিযুক্ত প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। সম্প্রতি তিনি একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট চাইতেও এসেছিলেন। বাড়িতে কয়েকবার আসায় সন্দেহ হয় এবং মেয়েকে জিজ্ঞেস করলে ধর্ষণের বিষয়টি জানায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামির কোনো রাজনৈতিক পরিচয় জানা নেই।
এসএইচ