ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত ইসলামী শনিবার বিকেলে নির্বাচনী সমাবেশ করেছে। শহরের নলডাঙ্গা ভূসণ স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবু তালিব।
সমাবেশে অংশ নিতে দুপুরের পর থেকে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত হন। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সমাবেশস্থল জনসমুদ্রের মতো পরিণত হয়। বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মাওলানা আবু তালিব বলেন, ৫৪ বছর পার হয়েছে। এ সময়ে দেশে ১২টি সংসদ নির্বাচন হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ উপলব্ধি করছে, এতোদিন যারা নির্বাচিত হয়েছে তারা লুট ও হত্যার রাজনীতি করেছে। আমাদের শত-শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজ মানুষ বুঝতে শিখেছে আমরা আর তাদের ফাঁদে পা দিতে চাই না। আমরা একটি ইনসাফভিত্তিক ও ন্যায় প্রতিষ্ঠার রাষ্ট্র গড়তে চাই। ভোটে জামায়াত নির্বাচিত হলে অপশাসন ও অনিয়ম থাকবে না। শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, আমাকে জামায়াত মনোনয়ন দিয়েছেন। আমাদের সঙ্গে আছে আরও ১০টি দল। নির্বাচিত হলে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কৃষি আধুনিকায়ন নিশ্চিত করা হবে। নদী ও খাল খনন করা হবে, মাদকমুক্ত সমাজ গড়া হবে। মোবারকগঞ্জ চিনিকলকে দুর্নীতির হাত থেকে রক্ষা করে উৎপাদনশীল ও লাভজনক করা হবে। কালীগঞ্জে দলের সন্ত্রাসী হামলায় নিহত দুই ভাইয়ের বিচার হবে। নারীদের দক্ষতা বৃদ্ধি করে সামাজিক বলয় গড়ে তোলা হবে। জনগণের অভিযোগের জন্য মোড়ে মোড়ে অভিযোগ বক্স রাখা হবে। তিনি উল্লেখ করেন, তার কোনো অর্থ বা লোভ নেই, তিনি শুধু কালীগঞ্জবাসির উন্নয়নে কাজ করতে চান।
জামায়াতের হিন্দু শাখার নেতা বাবু পিকুল মজুমদার বলেন, স্বাধীনতার পর থেকে প্রার্থীরা নির্বাচিত হওয়ার আগে কথা দেয় কিন্তু পরে রাখে না। তারা লুটপাট ও কূটনীতি করে। আমরা কি এমন মানুষকে সংসদে পাঠাতে চাই না। এলাকার উন্নয়নে সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত ও শিক্ষিত প্রার্থী আবু তালিবকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওয়ালিউর রহমান, সদর উপজেলার আমির ড. হাবিবুর রহমান, ঝিনাইদহ শহর শাখার আমির এ্যাডভোকেট ইসমাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান ও ছাত্রশিবির সভাপতি ঈশা খানসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে বিশাল একটি র্যালী কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
এসএইচ