ভোট ডাকাতি করতে দিবেন না: জকসু ভিপি

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৩২ পিএম
সংগৃহীত ছবি

বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, "নির্বাচনকে কেন্দ্র করে নানান হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। ভোলা ও বাউফলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এইগুলোকে খুব বেশি ভয় পাওয়ার কারন নেই।"

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় জকসু ভিপি আরও বলেছেন, "যখন তাদের নেতা দেশে আসলো, তখন তারা ভেবেছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু একটা করবে কিন্তু তারা কিছুই করতে পারেনি, আমরা বিজয়ী হয়েছি। বিএনপি কোন সংগঠিত রাজনৈতিক দল নয়, তাদের কোন চেইন অফ কমান্ড নেই, তাদের নেতার কথাই কর্মীরা শোনেনা। তাদেরকে আপনারা কেন ভয় পাবেন, আমিতো তাদের গোনায়ই ধরিনা।"

বিগতদিনে তাদের সাথে আমরা একসাথে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু যেখানে বিপদ ছিলো, সেখানে তাদেরকে আমরা খুঁজে পাইনি। দিন শেষে এরা প্রচুর হামকি-ধামকি দিবে কিন্তু তারা প্রচন্ড ভীতু। তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা বরিশালে তাদের একটি আসনও দিতে চাইনা।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সকালে কেন্দ্রে যাবেন ভোট দিয়ে তারপর কেন্দ্রের আশেপাশে থাকবেন। কেউ কেন্দ্র দখল করতে আসলে, গুন্ডামী, ডাকাতি করতে আসলে সাইজ করে দিবেন। মাইরের ওপর কোন ওষুধ নাই। একদিন সাইজ করলে ওরা আর সামনে আগাবেনা।" 

জকসু ভিপি বলেন, "জুলাই বিপ্লবে এদেশের তরুন ছাত্র সমাজ ও জনতা বুক পেতে আন্দোলন সংগ্রাম করে লাল কার্ড দেখিয়ে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। তারা শেখ হাসিনার মতো শক্ত কোন দল নয়। তারা বেশিদিন এদেশে রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে হলে হ্যা ভোটের ক্যাম্পেই করতে হবে।"

বাংলাদেশের ইতিহাস বলে ছাত্রসংসদগুলো যাদের হাতে থাকে তারাই সরকার গঠণ করে। সেজন্য অহংকারী হওয়া যাবেনা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মনজয় করে ভোট আনতে হবে।

বরিশালের মানুষকে সাহসী উল্লেখ করে ভিপি বলেন, "আমি জানি বরিশালের মানুষ অনেক সাহসী ও শক্তিশালী তাই আপনারা সাহস নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাহলেই হবে।"

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারী রুহুল আমিন সবুজ প্রমুখ। 

সবশেষে জকসু ভিপি রিয়াজুল ইসলামের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে মিছিল বের করা হয়।

এসবিআর