পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বাসাবাড়িতে অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প চালানোর অভিযোগে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার ডিজেলও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এ পাম্পের সন্ধান পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলাউদ্দিন আলী নিজের বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাসাবাড়ির ভেতরে অবৈধভাবে স্থাপন করা একটি মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।
অভিযানে বাসাবাড়িতে অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা ও বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগে মালিক আলাউদ্দিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ওই বাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসএইচ