নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এর আগে সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইউএনও মো. আলাউদ্দিনের একটি ২৯ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। এ ঘটনায় জেলা ও দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে ইউএনওর দাবি, ভিডিওটি তার আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুর এলাকায় তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যাওয়ার আগে তিনি অফিসে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বলেও জানিয়েছেন কার্যালয়ের একাধিক কর্মকর্তা।
এদিকে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে।
এসএইচ