খুলনায় একই পরিবারের চারজনকে গুলি

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০১:১৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: খুলনার লবনচড়ায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘরে থাকা পরিবারের চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ফাহিমা বলেন, তার সাবেক স্বামী ইমরানের সঙ্গে ৭-৮ মাস আগে তালাক হয়ে যায়।

তারপর নতুন করে বিয়ে হয়। সেই শ্বশুর বাড়িতে সাবেক স্বামী লোকজন নিয়ে এসে ঘুমের মধ্যে এলোপাতাড়ি গুলি করেন। এতে আমি নিজে এবং আমার শ্বশুর কাজী আনিসুর রহমান, শাশুড়ি ও ভাসুর গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ কাজী আনিসুর রহমান বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘুমের মধ্যে এসে চারজনকে গুলি করেছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ছয়জন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পিএস