ট্রেন দুর্ঘটনার ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:২৩ এএম
ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বরখাস্তের এই তথ্য নিশ্চিত করেছেন। 

দায়িত্ব পালনে অবহেলার দায়ে বরখাস্ত হওয়া দুই গেটম্যান হলেন- মেহেদী হাসান ও হেলাল উদ্দিন।

জানা গেছে, দুর্ঘটনার সময় গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, যার ফলে সিগন্যাল ব্যবস্থা ঠিকমতো কাজ করেনি। মোস্তাফিজুর রহমান জানান, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দ্রুত নতুন গেটম্যান নিয়োগ দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রেলওয়ের পক্ষ থেকে একটি বিভাগীয় এবং একটি আঞ্চলিক—এই দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এই মর্মান্তিক ঘটনার পেছনে কারিগরি ত্রুটি নাকি মানবিক অবহেলা ছিল, তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন রেললাইনে থাকা ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের গতি এতই বেশি ছিল যে, বাসটিকে লাইনের ওপর দিয়ে অন্তত আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

পিএস