ফ্যাসিবাদের কালো ছায়া রয়ে গেছে: জামায়াত আমির

  • সিলেট প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০১:০৮ পিএম
ছবি : প্রতিনিধি

সিলেট: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশে থেকে এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি। ফ্যাসিবাদের কালো ছায়া এখনো জাতির মাথার ওপর রয়ে গেছে।”

রোববার (২২ মার্চ) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও দেশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, প্রতিহিংসা ও সংকীর্ণতা রয়ে গেছে। রাজনীতিবিদেরা কথার সঙ্গে কাজের মিল রাখতে না পারায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি অশ্রদ্ধা ও ক্ষোভ তৈরি হয়েছে।

রাষ্ট্রপতির বিষয়ে জামায়াত আমির বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। প্রেসিডেন্টের প্রতিষ্ঠান নিয়ে তাদের নেতিবাচক অবস্থান নেই, তবে ব্যক্তি নিয়ে তাদের আপত্তি রয়েছে। 

গণভোট ও সংস্কার পরিষদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে বিপুলসংখ্যক ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সেই রায়ের পূর্ণ বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, সরকারি দলের সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। 

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, বিরোধী দলের দুটি প্ল্যাটফর্ম- একটি সংসদের ভেতরে, অন্যটি রাজপথে। সংসদের ভেতরে যেমন গঠনমূলক রাজনীতি হবে, তেমনি প্রয়োজনে রাজপথেও গঠনমূলক কর্মসূচি দেওয়া হবে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি, হত্যা ও সহিংসতার ঘটনা দুঃখজনক। এসব ঘটনায় তারা প্রতিবাদ ও আপত্তি জানিয়েছেন। মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার প্রশ্নে তারা নীরব থাকবেন না বলেও জানান তিনি।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকারের সময় মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারেনি, বাড়তি ভাড়া গুনতে হয়েছে। এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ওপর থেকে নিচ পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তার ভাষ্য, জনগণের অর্থ কোনো দলের নয়; সরকার কেবল তার ব্যবস্থাপক।

পিএস