কুয়াকাটা: পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় ঈদের তৃতীয় দিনে মানুষের ঢলে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পুরো সমুদ্রসৈকত। দীর্ঘ এক মাসের নিরবতার পর উৎসবের আমেজে নতুন করে জেগে উঠেছে পর্যটনকেন্দ্রটিতে। ঈদুল ফিতর উপলক্ষে সরকারি টানা ছুটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে উপচে পড়া ভিড় বিরাজ করছে সৈকতজুড়ে।
সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন নানা বয়সী ভ্রমণপিপাসুরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে আবার কেউ প্রিয়জনকে সঙ্গে করে উপভোগ করছেন ঈদের আনন্দঘন মুহূর্ত। বালুকাবেলায় খেলাধুলা, গোসল, ছবি তোলা ও নানা বিনোদনে সময় কাটাচ্ছেন আগতরা। অনেককে দেখা গেছে বালু দিয়ে নান্দনিক নকশা তৈরি করে স্মৃতি ধরে রাখতে।
সোমবার (২৩ মার্চ) সরেজমিনে দেখা যায়, সৈকতের পাশাপাশি লাল কাঁকড়ার চর, কুয়াকাটার কুয়া, তিন নদীর মোহনা, শুঁটকি পল্লী, গঙ্গামতি লেকসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতেও মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিটি স্পটেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে বুকিং প্রায় পূর্ণ। প্রথম সারির আবাসিক হোটেলগুলোতে ৭০ থেকে ৮৫ শতাংশ কক্ষ বুকিং হয়েছে, আর দ্বিতীয় ও তৃতীয় সারির হোটেলগুলোতে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং রয়েছে। ঝিনুক মার্কেটসহ পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাবেচা বেড়ে যাওয়ায় হাসি ফিরেছে সংশ্লিষ্টদের মুখে। সৈকতসংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্রেতা উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন।
বেঞ্চ ব্যবসায়ী আবু সালেহ বলেন, প্রথম দিনে লোকসমাগম কম থাকলেও পরবর্তী সময়ে আগমন বাড়তে থাকে, এখন পরিস্থিতি বেশ জমজমাট এবং সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ জানান, বর্তমান প্রবণতা অনুযায়ী আগামী দিনগুলোতে ভিড় আরও বৃদ্ধি পাবে, অধিকাংশ কক্ষ আগেই বুকিং হয়েছে এবং বাকি অংশও দ্রুত পূর্ণ হয়ে যাবে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন কুয়াকাটা টেয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ঈদকে কেন্দ্র করে পর্যটন শিল্পে ইতিবাচক গতি ফিরে এসেছে, এতে স্থানীয় অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে দর্শনার্থীর চাপ বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা ও সার্বিক সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ দায়িত্ব পালন করছে, যাতে আগত সবাই নির্বিঘ্নে সময় কাটাতে পারেন।
পিএস