চট্টগ্রামে ১৯ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:০২ পিএম
ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামের কক্সবাজার জেলার টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোনা এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বড় একটি ইয়াবার চালান চট্টগ্রামের উদ্দেশ্যে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকানো অবস্থায় প্রায় ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর প্রেক্ষিতে কোস্ট গার্ড উক্ত এলাকায় রাডার নজরদারি ও টহল জোরদার করে।

শুক্রবার মধ্যরাত ২টার দিকে শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে বোটটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ঘটনায় আরও ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ফিশিং বোট জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিএস