বরিশালে পিকআপে বিপুল জ্বালানি তেল জব্দ, এলাকায় চাঞ্চল্য

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

বরিশালে অবৈধভাবে মজুত ও পরিবহনের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এনএসআইয়ের বরিশাল জেলা টিমের কর্মকর্তারা জানান, একটি পিকআপভ্যানে করে জ্বালানি তেল পরিবহন ও মজুত করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের একটি গুদাম থেকে প্রথমে ১৫টি ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ২ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল ছিল।

পরে একই পিকআপভ্যানের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এসকেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে আরও ১০টি ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয় বলে জানা গেছে।

এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তেল জব্দ করা হয়। জ্বালানি তেলগুলো অনুমোদনবিহীনভাবে মজুত ও পরিবহনের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ জ্বালানি ব্যবসার অভিযোগ শোনা গেলেও এত বড় পরিমাণ তেল একসঙ্গে জব্দের ঘটনা আগে দেখা যায়নি।

এনএসআই জানিয়েছে, জব্দকৃত জ্বালানি তেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পুরো চক্র শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এসএইচ