একাত্তর আর বর্তমান জামায়াত এক নয়: পরওয়ার

  • কুমিল্লা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:২৫ পিএম
ছবি : প্রতিনিধি

কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময়ের প্রয়োজনে জামায়াতের গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে। তাই ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়।  

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়; বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। 

তিনি আরও বলেন, দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমির কাজী দীন মোহাম্মদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া।

পিএস