দেশে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি : প্রতিনিধি

খুলনা: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আওয়ামী সরকার যে পরিস্থিতিতে দেশ রেখে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে বহু মানুষকে আহত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে এবং কারাভোগ করতে হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে দেশে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।’

শুক্রবার (৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।’

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও শক্তিশালী করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।’

এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের সব জেলা বারে শিগগিরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

পিএস