মাদারীপুর: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী একটি পরিত্যক্ত স্থানে ছেলে সন্তান জন্ম দিয়েছেন। শুক্রবার (২৯ মে) ভোররাতে এ ঘটনাটি ঘটে।
এদিকে এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে ওই পাগলী ও তার নবজাতক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পাগলি কালকিনি পৌর এলাকার ভূরঘাটাসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় তার প্রসব ব্যথা উঠলে স্থানীয় কয়েকজন নারী এগিয়ে এসে সহযোগিতা করেন। পরে তিনি একটি সন্তান জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন মা ও নবজাতকের খোঁজখবর নেন। নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন জানান, খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, “মা ও শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
পিএস