নোয়াখালীর বেগমগঞ্জে যুবক জুবায়ের হোসেন রাকিবকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আসামি সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার গণিপুর থেকে তাকে আটক করা হয়।
এর আগে গতকাল সোমবার সকালে হত্যার ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ১০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা যোবেদা খাতুন। গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারের তথ্যমতে, রাকিবের চাচার বাড়িতে একটি ভবনের নির্মাণকাজ চলছিল। ওই কাজের জন্য চাঁদা দাবি করে আসছিলেন আসামিরা। গত শনিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রাকিব ও তার ছোট ভাই। চাঁদা-সংক্রান্ত বিরোধের জেরে এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ সময় তার ছোট ভাইও আহত হন।
পরদিন বেলা ১১টার দিকে নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যায় জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেন। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিকেলে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে।
ওসি মো. শামসুজ্জামান আরও বলেন, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ