ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর উপর বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকসহ ভেঙ্গে নদীতে পড়েছে। রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে বন্ধ রয়েছে যানচলাচল। এতে ধোবাউড়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বালু বোঝাই একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এসময় ট্রাকের হেলপার আহত হয়েছেন।
এদিকে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও নতুন ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস বলেন, ব্রিজটি অনেক পুরাতন। ভারী যানচলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। আমি বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, রোববার ভোর রাতে বালু ভর্তি ট্রাকের চাপে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় এবং যানচলাচল বন্ধ রয়েছে। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি। এছাড়া উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আমি ইতোমধ্যে মেইনটেইন্সের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছি তিনি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা নিবেন।
পিএস