কুমিল্লা: সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, খুব শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। খুব শিগগিরই জাদুঘরের উদ্বোধনের তারিখসহ বিস্তারিত জানানো হবে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি। বর্তমানে নতুন কমিটি গঠনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।
পিএস