রাণীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৩:৩৯ পিএম
ফাইল ছবি

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই কিশোর উপজেলার ১নং খট্টেশ্বর ইউনিয়নের লোহাচূড়া গ্রামের বাসিন্দা।

বুধবার বিকেলে উপজেলার লোহাচূড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও শিশুটির পরিবারের বরাতে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একপর্যায়ে শিশুটির মা তাকে খুঁজতে শুরু করলে দুই কিশোর শিশুটিকে সেখানে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, শিশুটির মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাত ও রক্তক্ষরণের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুই কিশোরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

পিএস