সৌদি থেকে ফিরল ৭ স্বজনের লাশ, শোকস্তব্ধ নওগাঁর আত্রাই

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ১০:০১ এএম
ছবি: প্রতিনিধি

সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো এলাকায় আনা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সৌদি আরব থেকে দেশে পৌঁছায়।

মরদেহগুলো আত্রাই থানা কম্পাউন্ডে পৌঁছানোর পর নিহতদের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান। নিহতদের দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

শুক্রবার সকাল ১০টায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিহতদের যৌথ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহ শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদের সোফা কারখানার অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি মারা গেছেন। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে প্রথম দফায় ৯ জনের পরিচয় নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ।

শনাক্ত হওয়া সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতের পরিবারগুলোর সঙ্গে শুরু থেকেই যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহগুলো আত্রাইয়ে আনা হয়েছে। প্রাথমিক তথ্যে আত্রাইয়ের ১৩ জন নিহতের কথা বলা হলেও এখন পর্যন্ত আত্রাইয়ের ১১ জন ও নওগাঁ সদরের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।

এসএইচ