নীতিমালা দিয়ে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি : প্রতিনিধি

ভোলা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘নীতিমালা দিয়ে বা আইন প্রণয়ন করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা সম্ভব নয়। নীতিমালার মাধ্যমে আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলেও, নৈতিক শিক্ষার মাধ্যমেই একজন দায়িত্বশীল সাংবাদিক গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যম হলো গণতন্ত্রের একটি অন্যতম প্রধান স্তম্ভ। সাংবাদিকদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্র, জনগণ ও সমাজের কল্যাণ সাধিত হওয়া উচিত। দায়িত্বহীন বা অসত্য সাংবাদিকতার কারণে যেন কোনো মানুষের জীবন, ক্যারিয়ার বা মান-সম্মান ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সাংবাদিকদের নীতিগতভাবে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি বর্তমান সময়ের ভুয়া সংবাদ (ফেক নিউজ), সাইবার বুলিং এবং এআই প্রযুক্তি ব্যবহার করে সংবাদ প্রচারের ফলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে সাংবাদিকদের সার্বিক কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ভোলাকে নিয়ে তাঁর স্বপ্নের কথা তুলে ধরে ব্যারিস্টার পার্থ বলেন, ভোলাকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে দলীয় বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, ভোলার উন্নয়নে নদী ভাঙন রোধ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলা সদরে উন্নয়ন বরাদ্দ বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ইতিমধ্যে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পিএস