নেত্রকোনা: নেত্রকোনায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২ হাজার ১০০ প্যাকেট ভারতীয় ফুচকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন বাহিরচাপড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোহনগঞ্জ উপজেলার নোহাস পশ্চিমপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (২৬), নেত্রকোনা সদর উপজেলার পারলা (চল্লিশাপাড়া) এলাকার বাবুল মিয়ার ছেলে সামাদ আহম্মেদ তপু (২৯), নেত্রকোনা সদর উপজেলার দড়িজাগি গ্রামের মোখলেস মিয়ার ছেলে ইয়াসিন (২৩) এবং পূর্বধলা উপজেলার ইসবপুর (মধ্যপাড়া) ভবের বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টে তল্লাশির সময় নীল রঙের একটি টাটা এসি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা ৪২টি প্লাস্টিকের বস্তার ভেতর ভারতীয় তৈরি ফুচকা দেখতে পায় পুলিশ। পরে এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখতে চাইলে গাড়িতে থাকা ব্যক্তিরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা ৪২টি প্লাস্টিকের বস্তায় থাকা মোট ২ হাজার ১০০ প্যাকেট ভারতীয় তৈরি ফুচকা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত নীল রঙের টাটা এসি পিকআপটিও জব্দ করা হয়েছে। পুলিশের হিসাবে, গাড়িটির আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, জব্দ করা ভারতীয় তৈরি ফুচকা ও পিকআপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেফতার ৪ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, সীমান্তপথে অবৈধভাবে দেশে আনা এসব পণ্য চোরাচালানের মাধ্যমে পরিবহনের চেষ্টা করা হচ্ছিল। তবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পিএস