নেত্রকোনা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকদের কাজ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি মানবিক সরকার। সাংবাদিকেরা নির্ভয়ে কাজ করবেন। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আপনারা কাজ করবেন। আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবও না। তবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা উচিত না। তাই অপসাংবাদিকতা প্রতিরোধে কাজ করছে সরকার।
শুক্রবার (৪ সেপ্টেম্বার) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম ২০২৬’ এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে এবং এই স্বাধীনতা অব্যাহত থাকবে। তবে সাংবাদিকতার মান উন্নয়ন ও অপসাংবাদিকতা রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকতা যেন তার নিজস্ব জায়গা ধরে রাখতে পারে এবং এর মাধ্যমে অপসাংবাদিকতা যেন না হয়, সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছে। একই সাথে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করা হচ্ছে। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে আরো বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করা হচ্ছে।
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম এর উদ্যোগক্তা নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মুনমুন জাহান লিজা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
পিএস