নাটোর: নাটোরের সিংড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আবু বক্কর সিদ্দিক (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) নাটোরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শারমিন আখতার এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিশুকে মুখ চেপে ধরে একটি মাদ্রাসার কক্ষে নিয়ে ধর্ষণ করেন আবু বক্কর সিদ্দিক। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা সিংড়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে সিংড়া থানার এসআই মো. জাহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ভুক্তভোগী শিশু, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।
রায় ঘোষণার পর আবু বক্কর সিদ্দিককে সাজা পরোয়ানামূলে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পিএস