লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সাইনবোর্ডের সঙ্গে রাজনৈতিক পরিচয় ও মেয়র পদপ্রার্থিতার তথ্যসংবলিত ব্যানার লাগানোর ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সরকারি একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভেতরে এমন রাজনৈতিক প্রচারণায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যসংবলিত মূল সাইনবোর্ডের ওপরেই রামগতি উপজেলা বিএনপির সভাপতি এবং আসন্ন রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডা. জামাল উদ্দিনের ছবি, নাম ও রাজনৈতিক পদবিসংবলিত একটি ব্যানার সাঁটানো হয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এ ধরনের ব্যানার ঝোলানোর ফলে হাসপাতালটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
এ বিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এই বিষয়ে তিনি সম্পূর্ণভাবে অজ্ঞ এবং এ ব্যাপারে কেউ তাঁর সঙ্গে কোনো যোগাযোগও করেনি। একটি সরকারি হাসপাতালের ভেতরে এই ধরনের রাজনৈতিক বিলবোর্ড বা ব্যানার লাগানো সম্পূর্ণ অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের স্পষ্ট অস্বীকৃতির পরও কে বা কারা এই ব্যানারটি স্থাপন করেছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সরকারি প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিয়ম ভেঙে রাজনৈতিক ব্যানার টাঙানোর ঘটনায় স্থানীয়দের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এসএইচ