ঢাকা: শেয়ারবাজারে তালিকাভূক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের গত ১২-২০ ডিসেম্বর মোট ৬ কার্যদিবসে ২৮ টাকা ৭০ পয়সা শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন যাবত শেয়ারবাজার মন্দাভাবে চলছে। লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধিতে কারসাজির আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।
২০ ডিসেম্বর একদিনে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা অর্থাৎ ০.৭০ শতাংশ। এইদিন লেনদেন শেষে শেয়ার দর দাড়িয়েছে ১৪৪ টকা ৪০ পয়সা। যা আগের কার্যদিবসে ছিলো ১৪৩ টাকা ৪০ পয়সা।
এদিকে অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেড।
জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১১৫ টাকা ৭০ পয়সা। ১৯ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৪৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
সোনালীনিউজ/এএইচ/আইএ