কয়েক দিনের স্বস্তির পর দেশের সোনার বাজারে আবারও বড় ধরনের দরপতন দেখা গেছে। মাত্র দুই দিনের ব্যবধানে উল্লেখযোগ্য হারে দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছে। সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
দাম পুনর্নির্ধারণের পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা
এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাজুস দুই দফায় সোনার দাম ভরিতে মোট ১৬ হাজার ৩৩০ টাকা বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম উঠেছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। সেই দামেই বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বাজারে সোনা বিক্রি হয়েছে।
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৭ দিনে বাজুস ২৫ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ১৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৯ দফা কমানো হয়েছে। অন্যদিকে, গত ২০২৫ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার—যার মধ্যে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সোনার মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।