শেয়ারবাজারে বড় পতনে লেনদেন চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:১১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় পতনে চলছে লেনদেন। একদিন আগের দিন বড় উত্থান হওয়া প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে সবগুলো সূচক ২ শতাংশের থেকে ২.৫০ শতাংশ পর্যন্ত কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে প্রথম ১ মিনিট অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম ঊর্ধ্বমুখি ছিল। এর পর থেকেই বড় পতনের বৃত্তে চলে যায় বাজার। দাম কমার তালিকা হু হু করে বেড়ে যায়। বেলা ১২টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি সিকিউরিটিজের মধ্যে মাত্র ২৬টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৫২টির দাম। আর ১০টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

প্রথম ঘণ্টায় দাম কমার তালিকায় এই বিশাল সংখ্যক সিকিউরিটিজ চলে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ পয়েন্টে নেমেছে।

এদিকে সবকটি মূল্যসূচকে বড় পতন হলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল রোববার বাজারটিতে ২১৫ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

এএইচ/পিএস