৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ইউনিলিভারের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৩৯ এএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। 

প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ৪২ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। রোববার (০৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ টাকা ২১ পয়সা আগের হিসাববছরে অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৪ টাকা ৬২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৬ টাকা ৩০ পয়সা।

আগামী ১৮ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

এএইচ/পিএস