আইএমএফের ঋণ স্থগিতের খবরকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে সরকারের ব্যাখ্যা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১১:১৫ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে—এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেছে সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এক বিবৃতিতে সরকারের অবস্থান স্পষ্ট করে।

বিবৃতিতে জানানো হয়, বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিং-এর সাইডলাইনে বাংলাদেশের প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন-এর নেতৃত্বাধীন দলের সঙ্গে। পরে বিকেলে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক-এর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়, সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে ঋণের কিস্তি স্থগিত হয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ অসত্য’। বৈঠকগুলোতে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলেও স্পষ্ট করা হয়। বরং আলোচনা ‘ইতিবাচক ও প্রাণবন্ত’ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৈঠকে নবনির্বাচিত সরকারের নীতিগত দিকনির্দেশনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রধান নির্বাচনী অঙ্গীকারগুলো তুলে ধরা হয়। পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বেশিরভাগ বিষয়ে উভয় পক্ষ একমত হলেও কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানও তুলে ধরা হয়েছে।

উভয় পক্ষই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে এবং সংলাপের মাধ্যমে বাকি বিষয়গুলো সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

এম