দেশে আরও কমলো সোনা-রুপার দাম, আজ থেকেই কার্যকর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:১৬ এএম

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), ফলে কয়েক দিনের ব্যবধানে মূল্য কিছুটা নেমে এসেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে দর কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা আগের দিনের তুলনায় সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট সোনা ভরিপ্রতি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।

শুধু সোনা নয়, কমেছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় স্থানীয় পর্যায়ে এই হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজারে নজর রাখা ওয়েবসাইট GoldPrice.org-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে প্রায় ৪ হাজার ৬৬৭ ডলারে, যা আগের উচ্চ অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে কম।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড গড়েছিল। জানুয়ারির শেষ দিকে এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

এম