২৫ বছরে শাহজালাল ইসলামী ব্যাংক, নতুন ১২টি বিনিয়োগ সেবার উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১০, ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সোনালীনিউজ

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের প্রতিষ্ঠার ২৫ বছর বা রজতজয়ন্তী পূর্ণ করেছে। এ উপলক্ষে আজ রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে নতুন ১২টি বিনিয়োগ সেবার উদ্বোধন করেছে ব্যাংকটি।

রাজধানীর করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২০০১ সালের ১০ মে যাত্রা শুরু করা শাহজালাল ইসলামী ব্যাংকের বর্তমানে ১৪২টি শাখা, ৫টি উপশাখা এবং উল্লেখযোগ্য সংখ্যক এজেন্ট ব্যাংকিং আউটলেট ও এটিএম বুথ রয়েছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংকটির মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।

অনুষ্ঠানে চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গত ২৫ বছর ধরে শাহজালাল ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী দিনে দেশের প্রতিটি প্রান্তে আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠান।

ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, গ্রাহকের আস্থা ও সেবার মানের কারণে ব্যাংকটি আজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে। যুগোপযোগী ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা চালুর মাধ্যমে ব্যাংকটি সামনের দিনগুলোতেও তাদের উন্নতির ধারা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আজ সারা দেশে ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। নতুন ১২টি এসএমই বিনিয়োগ পণ্য চালুর ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা আরও সহজে বিনিয়োগ সুবিধা পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

এসএইচ