ঈদ সামনে রেখে শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ২১ মে পর্যন্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:১৪ এএম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই বিশেষ ‘ট্রাকসেল’ কার্যক্রম।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।

প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া টানা ১০ দিন এই কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, সাধারণ ভোক্তারাও এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ট্রাকে চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করা হবে।

নির্ধারিত মূল্য অনুযায়ী, একজন ক্রেতা ১৩০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

এদিকে চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে। এ জন্য প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বরাদ্দ রাখা হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ জানিয়েছে, কার্ডধারী পরিবারগুলোর জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের মূল্য ও বরাদ্দ আগের মতোই অপরিবর্তিত থাকবে।

ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা মহানগরীতে ঢাকা জেলাসহ প্রতিদিন ৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এছাড়া চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের ভোগান্তি কমাতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম