বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এসব শেয়ার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিএসইসিতে যোগ দেওয়ার আগে মাসুদ খান ক্রাউন সিমেন্ট ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ারে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। লেনদেনের দিন এই দুই কোম্পানিরই শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ক্রাউন সিমেন্টের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৫৭ টাকা ২ পয়সায় উঠেছে। শেয়ারটি সার্কিট ব্রেকার (সর্বোচ্চ মূল্যবৃদ্ধির সীমা) স্পর্শ করায় লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
একইভাবে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের দামও ১০ শতাংশ বেড়ে ৫১ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে।
অন্যদিকে, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ারের দাম ৩ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৩২ টাকায় লেনদেন হতে দেখা যায়। মাসুদ খান এর আগে এই কোম্পানির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, মাসুদ খান এর আগে ক্রাউন সিমেন্ট গ্রুপের গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই গ্রুপের স্পনসররাই প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদে রয়েছেন।
এসএইচ