বিএসইসি চেয়ারম্যান

তিন মাসের বদলে কোম্পানিগুলোকে ছয় মাসে প্রতিবেদন জমা দিতে হবে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:২৭ পিএম

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন জমার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে তিন মাসের বদলে কোম্পানিগুলোকে ছয় মাসে প্রতিবেদন জমা দিতে হবে।

বৃহস্পতিবার (০২ জুলা রাজধানীর নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

মাসুদ খান বলেন, আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী কনডেন্সড রিপোর্টিংয়ের নিয়ম থাকলেও দেশে ফুল রিপোর্টিং করতে গিয়ে কোম্পানিগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হয়। নিজের অতীত করপোরেট অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিন মাসের প্রতিবেদন জমার পর নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ১০-৩০টি প্রশ্নের লাভ লেটার বা ব্যাখ্যামূলক চিঠি আসত। এ ভোগান্তি কমাতেই ছয় মাসের ব্যবস্থা চালু করা হবে।

বিএসইসি চেয়ারম্যান জানান, ব্যাংক থেকে সহজে ঋণ মেলায় কোম্পানিগুলো আইপিওতে আসতে আগ্রহী হয় না। এজন্য আইপিও প্রক্রিয়া আরও সহজ করা হবে। লিস্টিং ফি কমানোর পাশাপাশি আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে। এর ফলে বিএসইসির কোন টেবিলে ফাইলটি আছে তা সহজেই জানা যাবে। আইপিও আবেদন সরাসরি ডিএসই ও সিএসইতে জমা দেওয়ার ব্যবস্থার পাশাপাশি ডিলিস্টিং রেগুলেশন ঢেলে সাজানো এবং বাজারকে পুরোপুরি অটোমেটেড করা হবে।

বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম ঢেলে সাজানোর কথা জানিয়ে মাসুদ খান বলেছেন, আমরা চাই শেয়ারবাজার ভাইব্রেন্টলি গ্রো করুক, আমরা সবাইকে নিয়ে একত্রে কাজ করতে চাই।

অনুষ্ঠানে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, দীর্ঘ দেড় দশকের মন্দা কাটিয়ে শেয়ারবাজার এখন ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত পর্যায়ে। বর্তমান কমিশনের সময়োপযোগী পদক্ষেপে গত তিন মাসে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে বিএসইসি কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এম