ঢাকা: ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দাবি তুলছে প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের জন্য।
প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের ফলে গবেষণা সংক্রান্ত পড়াশোনা থেকে বিদেশে স্কলারশিপ সবকিছুই সহজ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য। মূলত গুগল স্যুট বা জি-স্যুট অ্যাপ্লিকেশন গুলো যেখানে অর্থ প্রদান করে কিনতে হয় সেক্ষেত্রে ফ্রিতেই পাবেন শিক্ষার্থীরা। অর্থাৎ গুগলে বিনামূল্যে সংস্করণে অনেক সীমাবদ্ধতা থাকে যেগুলো ব্যবহার করতে অর্থ প্রদান করতে হয় কিন্তু গুগল স্যুট ব্যাবহারে নেই কোনো সীমাবদ্ধতা বা কখোনই অর্থ আলাদাভাবে প্রদান করতে হয় না। কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুগলকে অর্থ প্রদান করে থাকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের সাহায্যে শিক্ষার্থীরা গুগলের যে সুবিধাগুলো পাবেন, এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ক্লাসরুম, গুগল ডক্স, এছাড়াও আনলিমিটেড স্পেস পাওয়া যায়, যা বর্তমান অনলাইনে বিভিন্ন কাজের জন্য বিশেষ প্রয়োজন। তবে শুধুমাত্র গুগল নয়, মাইক্রোসফট আউটলুক, হটমেইল, ইয়াহু ইত্যাদিতেও একাডেমিক ইমেইল ব্যবহার করা যায়।
এছাড়া প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের অন্যতম সুবিধা হচ্ছে পোর্টফলিও সাইট তৈরি করা যায়। পোর্টফলিও ওয়েব সাইটের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত কোনো খরচই করতে হবে না কারণ হোস্টিং সম্পূর্ণ ফ্রি। যেখানে সাধারণত ডোমেইন ও হোস্টিং কিনতে ১৫০০ থেকে ১০ হাজার টাকা খরচ করতে হয়।
গবেষণা ক্ষেত্রে রিসার্চগেট, স্প্রিঙ্গার-এর মত কমিউনিটিতে মেম্বার হতে হয়। আর এসব প্লাটফর্মে একাউন্ট খুলতে গেলে একাডেমিক ইমেইল ছাড়া খোলা যায় না, সাধারণ ইমেইল দিয়ে এসব জায়গায় একাউন্ট খোলা যায় না। প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের সুবিধা হলো শিক্ষার্থীরা উক্ত কমিউনিটিতে যুক্ত হতে পারবেন।
এছাড়াও আরও জানা যায়, প্রোগ্রামিং নিয়ে কাজ করতে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্লাটফর্ম হচ্ছে গিটহাব। গিটহাবে স্টুডেন্টদের জন্য রয়েছে গিটহাব স্টুডেন্ট প্যাক। যার মাধ্যমে বিভিন্ন প্রকার ডেভেলপার টুল ব্যবহার করা যায় বিনামূল্যে পাশাপাশি পাওয়া যায় ৫টি প্রাইভেট রেপো। জি-স্যুট ব্যবহার করা যায় একদম বিনামূল্যে। মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাইলে, মাইক্রোসফট অ্যাজুর প্রয়োজন হয়। প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে এর স্টুডেন্ট প্যাক পাওয়া যায়। গিটহাবের মতো আমাজন ওয়েব সার্ভিসেরও রয়েছে এডুকেশনাল সুবিধা। ড্রপবক্স, মেগা ও পিক্লাউডে অধিক ক্লাউড স্টোরের সুবিধা। আউটডেস্ক-এর মতো উচ্চমূল্যের সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় সম্পূর্ন বিনামুল্যে। ম্যাটল্যাব ও অফিস থ্রিসিক্সটিফাইফ-এর বেসিক প্ল্যান ব্যবহার করা যায় বিনামূল্যে। অ্যাডোবি সিসিতে ৬০% ডিসকাউন্ট ও জেটব্রেইনসে'র সব সফটওয়্যারে ১ বছরের লাইসেন্স পাওয়া যায়। বিটবাকেটে আনলিমিটেড প্রাইভেট রেপোজিটরিসহ স্কিলশেয়ারে থাকে দুই মাসের প্রিমিয়াম অ্যাক্সেস। আর এ সময়টাতে স্কিলশেয়ার থেকে বিভিন্ন বিষয়ের উপর কোর্স করা যাবে একেবারে বিনামূল্যে।
এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ সামিউল্লাহ বলেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য যখন এপ্লাই করি, তখন দেখা হয় প্রাতিষ্ঠানিক কোন ই-মেইল এড্রেস আছে কিনা। কারণ দেশের বাইরে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল এড্রেস থাকে। যা আমাদের দেশে এখনও চালু হয়নি। কিন্তু বর্তমানে আমাদের দেশে কয়েকটা বিশ্ববিদ্যালয় চালু করতে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য খুব হেল্পফুল হবে।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের পরিচালক এবং কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, অর্থ দিয়ে যে সব মেইল কিনতে হতো সেগুলোর পরিবর্তে ফ্রী ইমেইলের ব্যবস্থা করা হবে। অনলাইন কিংবা যে কোনো ইনস্টিটিউটের যত অ্যাপ্লিকেশন বা সাইট আছে সেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। এখানে গুগলের সব ধরনের সুবিধা পাবে শিক্ষার্থীরা। গুগোল ড্রাইভে ১ টেরাবাইট করে পাবে। আমাদের প্রাথমিক কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমরা খুব তাড়াতাড়ি তথ্য সম্পাদনা ও বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
সোনালীনিউজ/এসএফ/এসআই