সৃজনশীলতার রঙে ক্যাম্পাস মুখরিত করছে আর্টেক্সের তরুণরা

  • শুআইব শাহারিয়ার সাঈফ, বুটেক্স প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:৪৬ পিএম
ছবি প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম সংগঠন ‘আর্টেক্স’। এখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফি ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পান। ৪১তম ব্যাচের কিছু তরুণের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্টেক্সের পরিচিতি ছড়িয়ে পড়েছে।

২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি প্রতিটি বিভাগে অ্যামবিগ্রাম ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে সংগঠনটি। এরপর মহান স্বাধীনতা দিবসে ‘লেটস বিউটিফাই বুটেক্স’ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী মিলিতভাবে ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার–পরিচ্ছন্নতায় অংশ নেন। শহীদদের স্মরণে লাল–সবুজ পতাকা আঁকেন শিক্ষার্থীরা।

ঐ বছরই বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজন করা হয় দেয়ালিকা প্রতিযোগিতা ও আলপনা অঙ্কন। প্রতিযোগিতায় বিজয়ী হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ এবং রানারআপ হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।

২০১৯ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী আয়োজন ‘নীরবতায় কলরব’। শিক্ষার্থীরা মিলে ২০টির বেশি গ্রাফিতি অঙ্কন করেন। এতে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, টেক্সটাইল শিল্প ও গুণী ব্যক্তিত্ব স্থান পায়। দ্বিতীয় দিনের রাতে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। একই বছরের অক্টোবরে আর্টেক্স প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।

করোনা মহামারির সময়ে অনলাইনে আয়োজন করা হয় ‘যেমন খুশি তেমন আঁকো’ প্রতিযোগিতা। এর মাধ্যমে ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক চিত্র শিক্ষার্থীরা ছড়িয়ে দেন।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে আঁকেন বিশ্বকাপের গ্রাফিতি। নেইমার, মেসি, রোনালদো, ম্যানুয়েল ন্যুয়ারসহ বিশ্ব তারকাদের মুখাবয়ব এবং অংশগ্রহণকারী ৩২ দেশের পতাকা এঁকে ফুটবলের নান্দনিকতা ফুটিয়ে তোলেন তাঁরা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র‍্যাগওয়াল রাঙিয়ে দেন সংগঠনের সদস্যরা। বুটেক্স সাংবাদিক সমিতির সঙ্গে যৌথভাবে ‘জার্নালটিজম’ প্রতিযোগিতার আয়োজন করে আর্টেক্স। সাংবাদিকতার ভাবনা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা।

সম্প্রতি নবীনতম ৫০তম ব্যাচকে স্বাগত জানাতে তিন দিনব্যাপী স্ট্রিট গ্রাফিতির আয়োজন করে সংগঠনটি। এতে ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। একাডেমিক ভবনের সামনে প্রতিটি বিভাগের স্বতন্ত্র গ্রাফিতি আঁকা হয়।

ক্যাম্পাসকে রং-তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলার এই উদ্যোগে বুটেক্সের শিক্ষার্থীদের সৃজনশীলতা যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি শিল্পচর্চার ভিন্ন ধারায় ‘আর্টেক্স’ হয়ে উঠেছে একটি অনন্য সংগঠন।

এসএইচ