ঢাকা: অবশেষে দেশের বিভিন্ন সরকারি কলেজের ২০৬ জন শিক্ষককে একযোগে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কেউ দুটি, আবার কেউ তিনটি পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে অধ্যাপক হয়েছেন। এ তালিকায় ১৯৯৫ সালে পদোন্নতি পাওয়া শিক্ষকও রয়েছেন।
আত্তীকরণ বিধিমালা ২০০০ অনুযায়ী এসব শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত। তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এই ভূতাপেক্ষিক পদোন্নতি কেবল বেতন নির্ধারণের ক্ষেত্রেই গণনা করা হবে। কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার গত বছরের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় ও রায় বাস্তবায়ন মামলার আদেশ প্রতিপালনের অংশ হিসেবে মামলার পিটিশনার শিক্ষকদের নির্দিষ্ট তারিখ থেকে ভূতাপেক্ষিক পদোন্নতি দেওয়া হলো। বর্তমানে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে ইনসিটু হিসেবে যোগদান করবেন। অন্য শিক্ষকরা প্রযোজ্যতা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ভূতাপেক্ষিক যোগদান করবেন।
জানা গেছে, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও বিধিসংক্রান্ত একাধিক মামলার রায় দীর্ঘদিন বাস্তবায়ন না হওয়ায় এসব শিক্ষকের পদোন্নতি আটকে ছিল।
এরই মধ্যে অনেক শিক্ষক অবসরে চলে গেলেও আদালতের রায়ের আলোকে তাদের ক্ষেত্রেও পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পিএস