ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। তবে নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের স্ব-স্ব বিভাগে পৃথকভাবে নবীন বরণ আয়োজন করা হয়। সরেজমিনে দেখা গেছে, প্রশাসন নবীন বরণ আয়োজন করলেও ব্যানারে শুধুমাত্র ‘কবি নজরুল সরকারি কলেজ’-এর নাম ব্যবহার করা হয়েছে, যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ ছিল না।
বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আজ নবীন বরণের জন্য কলেজে আসলে দেখি, প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম না দিয়ে শুধু কলেজের নাম ব্যবহার করেছে। এজন্য আমরা অনুষ্ঠান বয়কট করি। পরে নিজেরাই ব্যানার ছাপিয়ে নবীন বরণ করি।”
নাম প্রকাশে অনিচ্ছুক গণিত বিভাগের শিক্ষার্থী বলেন, “নবীন বরণ অনুষ্ঠানের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি। আমাদের মনে হয়, শিক্ষকরা এখনও আমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিতে রাজি নন।”
এসএইচ